ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করলে শত্রুদের তেল নিষেধাজ্ঞা ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দক্ষিণ-পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া হংকংয়ের পতাকাবাহী কয়েকটি জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দাবি, এই জাহাজগুলো দিয়েই বিশ্বব্যাপী ইরান তেল রফতানি করছে।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না।
তিনি আরো বলেন, কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকলে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানবসম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী ও বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেয়া উচিত।
দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, শিল্পী ও উৎপাদনকারীদের সক্ষমতার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শিল্প-কর্মীদের জন্য সরকার নিঃশর্ত সহযোগিতা দেয়াকে সমর্থন করছে এবং এই গোষ্ঠীকে কাজ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের মাঝে অবশ্যই এমন কিছু লোক আছে যারা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে, নতুন কিছু করতে পারে। তবে সব কিছুর আগে আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু লালন করতে হবে।
বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন ধারণা ও সমর্থন প্রয়োজন। সেইসাথে নতুন পরিস্থিতি তৈরি করে মর্যাদা ও গর্বের সাথে একসাথে বসবাস করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : বাসস