ব্রাজিলে মাঝ-আকাশে হট এয়ার বেলুনে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো ১৩ জন।

শনিবার দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনায় দুর্ঘটনাটি ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ২২ জন যাত্রীকে নিয়ে বেলুনটি উড়েছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা তাতে আগুন লেগে যায়। উড়ন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আটজনের। পরে প্রাইয়া গ্রান্দে শহরে হট এয়ার বেলুনটি আছড়ে পড়ে। তখনও বেলুনে থাকা অনেকে বেঁচে ছিলেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।

সান্টা ক্যাটারিনার ফায়ার সার্ভিস জানিয়েছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, উড়তে উড়তেই হট এয়ার বেলুনটিতে আচমকা আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। পরে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে বেলুনটি।

স্থানীয় গভর্নর জর্গিনহো মেল্লোর কথায়, ‘শনিবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। প্রাইয়া গ্রান্দের উদ্দেশে একসাথে আকাশে উড়েছিল ৩০টি বেলুন। তার মধ্যে একটিতে আগুন ধরে যায়। সময় মতো ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১৩ জন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা