মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় রোববার জানিয়েছে, মধ্য মেক্সিকোর একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল রোববার গুয়ানাজুয়াতো রাজ্যের ওই মাদক নিরাময় কেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষজ্ঞরা ‘মর্মান্তিক ঘটনার কারণ’ জানার জন্য প্রমাণ সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

গত এপ্রিল মাসে, বন্দুকধারীরা সহিংসতায় জর্জরিত সিনালোয়া রাজ্যে একটি মাদক নিরাময় কেন্দ্রে গুলি চালিয়ে কমপক্ষে নয়জনকে হত্যা করে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক লাখ ২০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে।

সূত্র : বাসস