ইকুয়েডরের একটি কারাগারে রোববার (৯ নভেম্বর) ৩১ জন কারাবন্দীর লাশ পাওয়া গেছে। এর মধ্যে সকালে সশস্ত্র দাঙ্গায় চারজন, বিকেলে শ্বাসরোধে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

এছাড়াও আরো অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এল ওরো প্রদেশের মাচালা কারাগারে মোট ৩১ জনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে ২৭ জন নিজেদের শ্বাসরোধে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে, যার ফলে তাদের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে।’

কর্তৃপক্ষ আরো বলেছে, ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ফরেনসিক মেডিক্যাল কর্মীরা ঘটনাস্থলে তথ্য যাচাই করতে উপস্থিত রয়েছেন।

মাচালার কারাগারের এই হত্যাকাণ্ডটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে অস্থিরতার সর্বশেষ ঘটনা। ইকুয়েডরের কারাগারগুলো মাদক পাচারকারী চক্রের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। লাভজনক কিন্তু অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ৫০০ জনেরও বেশি বন্দী নিহত হয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাচালার কারাগারে স্থানীয় সময় রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের বিশেষ বাহিনী কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, তারা নিহতদের পরিচয় প্রকাশ করেনি। এটি গ্যাংগুলোর মধ্যে কোনো নতুন সংঘর্ষের ঘটনা কি না, তা-ও নিশ্চিত করেনি।

গত সেপ্টেম্বরের শেষের দিকে মাচালার কারাগারে আরেকটি সশস্ত্র সংঘর্ষে ১৩ জন বন্দী এবং একজন কারা কর্মকর্তা নিহত হন।

সূত্র : বাসস