অবশেষে মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী তানিন সুবাহ। মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী।
জানা গেছে, বরিশালের গৌরনদীতে বাবার কবরের পাশে তানিন সুবাহকে দাফন করা হবে। তবে কবে ও কখন দাফন করা হবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি তখনো জীবিত ছিলেন, তবে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
গতকাল সোমবার চিকিৎসকরা জানায়, সুবহার হৃদ্যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তার স্বামী হাসপাতালে উপস্থিত না থাকায় তখন লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়নি। মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।
তানিন সুবহা ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ তানিনের বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুততম সময়ে অবনতি ঘটে। এজন্য তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বিজ্ঞাপনের মাধ্যমে পথচলা শুরু হয় অভিনেত্রী তানিন সবহার। একযুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তিনি। নাটক এবং সিনেমায় কাজ করে পরিচিতি পান এই অভিনেত্রী। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একাধিক নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেন।