বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি দীর্ঘ দিন ধরেই ক্যানসারসহ নানা অসুখে ভুগছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। জাভেদকে এরমধ্যে হাসপাতাল থেকে বাসাতেও নেয়া হয়েছে।
নৃত্য পরিচালক ইউসুফ খান বলেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘চিকিৎসক তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। সবাই আমাদের ইলিয়াস জাভেদ ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন।’
জানা গেছে, ক্যানসার আক্রান্ত অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই বলা চলে শারীরিকভাবে আর সুস্থ হতে পারছেন না তিনি। বর্তমানে উত্তরাতে স্ত্রী ডলি জাভেদকে নিয়ে দিন কাটে তার।
১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সাথে দ্বন্দ্ব বাধে তার। একপর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ। ১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদ ইলিয়াসের। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি। এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে সুখ্যাতি রয়েছে তার।