হলিউডের কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ দিন ধরে গলার ক্যানসারের সাথে লড়াই করা এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (১ এপ্রিল) লস অ্যাঞ্জেলেসে কিলমার মারা যান।

তার মেয়ে মার্সিডিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৪ সালে তার বাবার গলার ক্যান্সার ধরা পড়েছিল কিন্তু পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। ট্র্যাকিওটমি সার্জারির ফলে তার কণ্ঠস্বর প্রভাবিত হয় এবং তার অভিনয় ক্যারিয়ার থেমে যায়, কিন্তু তিনি ২০২২ সালের টপ গান: ম্যাভেরিক ছবিতে টম ক্রুজের সাথে ফাইটার পাইলট আইসম্যানের ভূমিকায় পুনরায় অভিনয়ের জন্য পর্দায় ফিরে আসেন।

ভ্যাল কিলমার ১৯৮৬ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘টপ গান’-এর আইসম্যান চরিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তিনি টম ক্রুজের সাথে অভিনয় করেছিলেন। এরপর তিনি ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েইন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। যদিও এটি তার একমাত্র ব্যাটম্যান সিনেমা ছিল। পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’-এ ব্যাটম্যান চরিত্রে দেখা যায় জর্জ ক্লুনিকে।

এছাড়াও ১৯৯৮ সালের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘দ্য প্রিন্স অব ইজিপ্ট’-এ মোজেসের কণ্ঠ দিয়েছিলেন তিনি। এর সাথে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন ওয়েস্টার্ন ক্লাসিক ‘টুম্বস্টোন’-এ ডাক হলিডে চরিত্রে অভিনয় করে। কিংবদন্তি রকস্টার জিম মরিসনের জীবনীভিত্তিক সিনেমা ‘দ্য ডোর্স’-এ তার অসাধারণ অভিনয় আজও স্মরণীয়।

তার আরো এক আলোচিত সিনেমা ছিল ‘হিট’, যেখানে তিনি আল পাচিনো ও রবার্ট ডি নিরোরসাথে অভিনয় করেছিলেন। সম্প্রতি পরিচালক মাইকেল ম্যান সিনেমাটির সিক্যুয়েলের চিত্রনাট্য জমা দিয়েছেন বলে জানা গেছে।

২০২১ সালে ভ্যাল কিলমারের জীবন নিয়ে তৈরি হয় ‘ভ্যাল’ নামের একটি ডকুমেন্টারি, যেখানে কণ্ঠ দেন তার ছেলে। দীর্ঘ ক্যারিয়ারে তার সিনেমাগুলো বিশ্বব্যাপী ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন তার অনবদ্য অভিনয় এবং অবিস্মরণীয় চরিত্রগুলোর জন্য।

সূত্র : বিবিসি