স্ত্রীর পাঠানো তালাকের নোটিশের পর আত্মহত্যার ঘোষণা দিয়ে আলোচনায় আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’
পরে ঘোষণা দিয়েও আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সন্তানদের অনুরোধে এবং পরিবারের কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নেন। এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।
কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সাথে।
আরেক পোস্টে তিনি বলেন, আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।