দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ দুই হাজার ৩০৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বাজারে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে।
সবশেষ গত ৩ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা ৪ মে থেকে কার্যকর হয়েছিল।