পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বৃহস্পতিবার এর অংশ হিসেবে আইডিআরএ-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাতটি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
আইডিআরএ-এর তথ্য অনুযায়ী, মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
চেক বিতরণ করা হয় বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ ও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসিধারীদের মধ্যে।
এর মধ্যে বায়রা লাইফ আটজন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ৫২৮ জনকে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা, গোল্ডেন লাইফ চারজনকে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা ও হোমল্যান্ড লাইফ ১৫ জনকে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা পরিশোধ করেছে।
এছাড়া পদ্মা ইসলামী লাইফ ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফ ১ হাজার ৩৫০ জনকে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা ও সানফ্লাওয়ার লাইফ ২০ জনকে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা প্রদান করেছে।
আইডিআরএ-এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআর-এর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরো বাড়াতে হবে।
তিনি বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
আইডিআরএ মনে করে, পলিসিধারীদের বীমা দাবি পরিশোধের মাধ্যমে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে। সূত্র : বাসস