জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও এআই পণ্য, যেমন- ইলিমেন্টসকীট, মেটফর্ম, শপইঞ্জিন এবং গেইটজিনি; এই সফটওয়্যারগুলোর নির্মাতা রক্সনর এবার ঢাকায় চালু করলো তাদের নতুন হেড অফিস। শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণিতে ৭০০০ স্কয়ার ফিটের আধুনিক এই অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ১২ জুলাই ২০২৫।

এই অফিস শুধু কাজের স্থান নয়; বরং ভবিষ্যতের জন্য রক্সনরের প্রস্তুতির অংশ বলে জানিয়েছেন এর কর্মকর্তারা।

রক্সনর, যা আগে পরিচিত ছিল ‘এক্সপিডস্টুডিও’ নামে, এখন নতুন পরিচয় ও ব্র্যান্ডিং নিয়ে এসেছে। এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট, এবং গেইটজিনিএই তিনটি ব্র্যান্ড এখন একসাথে কাজ করবে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) পণ্য এবং এআই সল্যুশন নিয়ে। রক্সনরের প্রতিষ্ঠাতা ও সিইও আতাউর রহমান বলেন, ‘এই নতুন অফিস দিয়ে আমরা আরো বড় পরিসরে কাজ শুরু করলাম। এখান থেকে আমরা আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি করব, দক্ষ মানুষদের জন্য নতুন সুযোগ তৈরি করব এবং দেশের প্রযুক্তিকে এগিয়ে নেব।’

Roxnor-02

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের নামকরা সফটওয়্যার কোম্পানির অনেক প্রতিষ্ঠাতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ওলিও’র প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ এবং স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারেরর প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান।

এম আসিফ রহমান বলেন, ‘রক্সনরের এই নতুন রূপ দেখে সত্যিই ভালো লাগছে। এটা কেবল নাম পরিবর্তন নয়, বরং একটি উদ্যমী টিমের নতুন স্বপ্ন এবং কাজের নতুন রূপ।’

ওলিও’র প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ বলেন, ‘অনেকদিন পর এত পরিচিত মুখের সাথে দেখা হলো। অনেক কথাবার্তা হয়েছে, কিছু কিছু মজার স্মৃতি ও কিছু ছিল ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। আসলেই মনে রাখার মতো একটা ইভেন্ট ছিল।’

Roxnor-03

এই জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্সপোনেন্ট, কোডরেক্স, রেডিয়াস থীম, জায়ান্ট মার্কেটার্সসহ আরো ৫০টির বেশি সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বর্তমানে রক্সনরের সফটওয়্যার ব্যবহার করছেন বিশ্বের ৩০ লাখেরও বেশি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী। নতুন এই সদর দফতর থেকে ভবিষ্যতে আরো উন্নত সফটওয়্যার তৈরি ও সার্ভিস দেয়ার কাজ হবে বলে জানানো হয়।

এই উদ্যোগের মাধ্যমে রক্সনর শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বাংলাদেশের প্রযুক্তি খাতেও একটি শক্ত অবস্থান গড়ে তুলতে চায়। দক্ষ তরুণদের নিয়ে বিশ্বমানের স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) এবং এআই টুল তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য।