উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের অ্যালামনাই ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও বিশেষ অতিথিরা একত্রিত হয়ে স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন।
শুক্রবার (১ আগস্ট) দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কাজী তারেক উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন ড. ইসরাত হোসেন ও প্রক্টর প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
তিনি তার বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আহ্বির আজাদ।
আনুষ্ঠানিক পর্বে আরো বক্তব্য রাখেন বিভাগের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা, তারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো হৃদয়গ্রাহী করে তোলেন।
এছাড়া ৩১ জুলাই ও ১ আগস্ট দু’দিনব্যাপী হোন্ডা লিমিটেডের সৌজন্যে শিক্ষার্থীদের ফ্রি বাইক রাইড ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ অংশে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে ধন্যবাদ দেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ইন-চার্জ মোহাম্মদ আলী। তিনি সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
লাঞ্চ বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বিনোদনমূলক নানা আয়োজন, মজার খেলা, রেফেল ড্র ও বাইক রাইডিং।
বিকেলের অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রী ও সাবেক শিক্ষার্থীদের শিল্পীসত্তা প্রকাশ পায়।
সন্ধ্যায় আয়োজন করা হয় এক জমকালো মেগা কনসার্টের, যেখানে পারফর্ম করেন ‘লালন’ ব্যান্ড। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও অফিস অব পাবলিক রিলেশন্স।