সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলেমদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। দুর্গত পরিবারগুলোর মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বন্যার কারণে খাদ্যসংকটে পড়া পরিবারগুলোর মধ্যে জরুরি ত্রাণ পৌঁছে দিতে তাদের স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকায় গিয়ে ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা ত্রাণ প্যাকেজে ছিল ৩ কেজি চাল, ১ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি এবং ১১০ গ্রাম চনাচুর। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর সিরাজ বলেন, ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে আর্তমানবতার সেবাই তাদের সংগঠনের মূল দর্শন। দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোকে তারা সামাজিক ও মানবিক দায়িত্ব হিসেবে মনে করেন।

Marhama-02

তিনি আরো বলেন, সীমিত সামর্থ্য নিয়ে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হলেও দুর্যোগের ব্যাপকতা অনেক বড়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং দেশি-বিদেশি মানবিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংস্থাটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ মানবিক সহায়তা কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া (হিন্দু পাড়া) এলাকার বন্যাদুর্গত সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। সেখানে বন্যার পানিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেন সংস্থাটির স্বেচ্ছাসেবীরা।