পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর উদ্যোগে ‘হাড় ও জয়েন্টের রোগের সাথে রক্তরোগের জটিল সম্পর্ক (The Complicated Relationship of Blood Disease with Bone and Joint Disease)’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর ২টায় পার্কভিউ হসপিটালের ১২তম তলার কনফারেন্স হলে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম।
সিম্পোজিয়ামে চট্টগ্রামের প্রখ্যাত হেমাটোলজিস্ট, অর্থোপেডিক, মেডিসিন এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা অংশ নেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রক্তরোগ বিশেষজ্ঞ ডা: জামাল উদ্দিন তানিন। প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: অখিল রঞ্জন বিশ্বাস, একই বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা: শাহেদ আহমেদ চৌধুরী, অর্থোপেডিক এবং ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: কাউসারুল মতিন এবং সহযোগী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান।
আলোচনায় আরো অংশ নেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: এ এস এম জাহেদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা: মো: আবু তসলিম এবং সহযোগী অধ্যাপক ডা: এহসানুল হক চৌধুরী।
বক্তারা তাদের বক্তব্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রক্তরোগ এবং এসব রোগের সাথে অস্থি ও জয়েন্ট সমস্যার জটিল সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করেন।
আলোচনায় উঠে আসে, অনেক রক্তরোগের চিকিৎসায় দীর্ঘমেয়াদী স্টেরয়েড বা কেমোথেরাপি ব্যবহৃত হয়, যা হাড় ক্ষয় ও জয়েন্ট জটিলতার ঝুঁকি বাড়ায়।
সিম্পোজিয়ামে পার্কভিউ হসপিটালের কনসালটেন্ট চিকিৎসকদের পাশাপাশি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতাল এই ধরনের বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং রোগ ব্যবস্থাপনায় সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে আগামীতেও নিয়মিতভাবে এ ধরনের সেমিনারের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।