ভারতে হোলি উৎসবের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (১৬ মার্চ) থেকে যথারীতি এই পথে পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম জানান, আজ শনিবার ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় ওই দেশের ব্যবসায়ীরা এদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, তাদের ব্যবসায়ী সংগঠন হিলি অ্যাক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন একটি চিঠিতে বিষয়টি আমাদের জানিয়েছে। ফলে শনিবার এই বন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, শনিবার এই বন্দর দিয়ে ভারত থেকে সকল কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। রোববার থেকে আবারো এই দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দু’দেশের যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসাধারীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেন। সূত্র : ইউএনবি