মার্চ মাসে দেশের রফতানি আয় ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আয় ছিল ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এই আয় ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রফতানি খাত প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে।

প্রথম ৯ মাসে দেশের রফতানি খাত থেকে মোট ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রফতানি আয় এসেছে, যা আগের অর্থ-বছরের একই সময়ের ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে।

বাংলাদেশের রফতানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে।

জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থ-বছরে তৈরি পোশাক রফতানি ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে।

শুধু মার্চ মাসেই তৈরি পোশাক রফতানি ১২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সূত্র : বাসস