দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত করতে যাকাত ভিত্তিক ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির অব্দুর রহমান মূসা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাফরুলের একটি রেস্টুরেন্টে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা, সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় সভায় প্রধান আলোচকের আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব লস্কর মো: তসলিম, কাফরুল জোনের সদস্য ও সাবেক থানা আমির তারেক রেজা তুহিন প্রমুখ।

আব্দুর রহমান মূসা বলেন, ‘সুদভিত্তিক অর্থব্যবস্থা আমাদের জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে প্রান্তিক শ্রেণির মানুষ দরিদ্র হতে দরিদ্রতর হচ্ছে। তাই সমাজে দরিদ্র মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নেই। মূলত, ইসলামী অর্থব্যবস্থাই একমাত্র ইনসাফ ভিত্তিক সমাজের ভিত্তি তৈরি করে। ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় অর্থনীতি পরিচালিত হলে দরিদ্ররা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং ধনীদের সম্পদ বাড়ানো এবং পুতঃপবিত্র করণের জন্য যাকাত প্রদান করবে।’ তিনি সে স্বপ্নের ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সাহেবে নিসাবকে যাকাত প্রদান এবং সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের পতন হলেও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদের প্রতিভূরা সক্রিয় রয়েছে। তারাই অর্জিত বিজয় ও বিপ্লবকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্বশীল প্রশাসন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি হয়ে পড়েছে।’ তিনি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান। অন্যথায় অর্জিত বিজয় ধরে রাখা যাবে না। বিজ্ঞপ্তি