দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা এবং সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায়, অপরাধ, অবিচার ও দুর্নীতি দূর করতে সবাইকে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজিলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
শুক্রবার (১৪ মার্চ) নিকুঞ্জ-২ মাঠ খিলক্ষেত পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসীবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু হয়েছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সব অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজনে সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে।
থানা আমির মো: হাসনাইন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সলিমুল্লাহর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এবং প্রধান বক্তা ছিলেন আলমগীর মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন ভূঁইয়া এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতারা।
ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, রমজান হলো এমন এক বরবকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘রমজান মাস হলো সে মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক; আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে রোজা রাখবে। (সূরা আল বাকারাহ, আয়াত-১৮৫)। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, ‘বান্দার সব আমল তার নিজের জন্য; কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেব।’ (সহীহ আল বোখারি, হাদিস নং-১৯০৪)। প্রেস বিজ্ঞপ্তি