গাজীপুর মহানগর প্রতিনিধি

আলেম ও মাদরাসাশিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেয়া হয়েছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন।’

শুক্রবার (১৪ মার্চ) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গীর অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।’

মাহফুজ আলম বলেন, ‘আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। এক সময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মাহফুজ আলম ২০১৩-১৫ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়ন করেছিলেন।