সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।’

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাবের অভিযানে গ্রেফতার হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ওই দিন আদালত তাকে নরসিংদীতে একটি হত্যা মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।