বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য সংসদ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি জানিয়েছে বামজোট।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের সপ্তম দিনের দ্বিতীয় পর্ব শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
প্রিন্স বলেন, সংলাপে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘৯০ দশক থেকে শুরু করে বাংলাদেশের যে পার্লামেন্ট, যেটাকে উনারা নিম্নকক্ষ বলতে চান, আমরা ওটাকেই এখন প্রধান মনে করি। সেই পার্লামেন্টে সংখ্যা পদ্ধতিতেই নির্বাচন করতে পারলে আমরা নির্বাচনে বিভিন্ন সমাজের প্রতিনিধি এবং টাকার খেলা দূর করাসহ আমরা এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম।’
তবে, প্রিন্স দুঃখ প্রকাশ করে বলেন যে- উচ্চকক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা হলেও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়টি আলোচনায় আসেনি।
তিনি আরো বলেন, ‘ওনারা উচ্চকক্ষ আলোচনা এনে উচ্চকক্ষ কিভাবে করবে না করবে এটাই প্রধান আলোচনা করেছেন। আজকে আমরা বলেছি বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। আগেই একটা সুষ্ঠ-অবাদ গ্রহণযোগ্য পার্লামেন্ট করা প্রয়োজন বলে মনে করি।’
উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি প্রাথমিক আলোচনায় উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদের বসানো। কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষ দানের কথাও বললে বলতে পারেন।’
তবে তিনি স্পষ্ট করেন যে- তাদের মূল কথা হলো, বাংলাদেশের বাস্তবতায় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য পার্লামেন্ট দরকার এবং আগামী পার্লামেন্টেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়া যায় কিনা, তা নির্ধারণ করা উচিত। তিনি মনে করেন, এটিই বাংলাদেশের জন্য উপযুক্ত হবে।