‘আ’লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে না পারা সরকারের ব্যর্থতা’ মন্তব্য করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আ’লীগকে এই দেশের মানুষ রাজনীতি করতে দিবে না। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেছে। এখনো জুলাই গণহত্যার বিচার করতে পারে নাই। বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারাই আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামব। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আ’লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। গণহত্যায় জড়িত থাকা আ’লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। অফিসিয়ালি আ’লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। গণঅধিকার পরিষদ এই দেশের মানুষকে সাথে নিয়ে সম্প্রতির রাজনীতি করতে চায়। আমরা সমাজে কেন বিভেদ চাই না। সমাজের সকল মতের মানুষকে নিয়ে একসাথে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনাদের প্রতি আহ্বান তরুণদের এই রাজনৈতিক দলকে সমর্থন আমরা আপনাদের সাথে নিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।
শুক্রবার (২১ মার্চ) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু হানিফ বলেন, ‘আ’লীগ গত ১৫ বছর দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের উপর দমন-পীড়ন চালিয়েছে। যার ফলেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আ’লীগ। সেই আ’লীগকে দেশের জনগণ ৫ আগস্টেই নিষিদ্ধ করেছে।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাউল দেয়ার কথা থাকলেও জেলার বিভিন্ন স্থানে চাউল দেয়া হচ্ছে সাত থেকে আট কেজি করে। করিমগঞ্জলর কাদিরজঙ্গল ইউনিয়নে আশরাফুল আলম কনক চেয়ারম্যান চাউল কম দিয়ে ৩৪ বস্তা চাউল অন্যত্র সরিয়ে ফেলার সময় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। ইটনা উপজেলায়ও ১৪৪ বস্তা চাউল জব্দ করা হয়। এসব চাউল চুরির সাথে যেসব চেয়ারম্যান কিংবা মেম্বাররা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ সেলিম। সঞ্চালনা করেন সদর উপজেলার সদস্য সচিব মোস্তফা আল মামুন।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, দানাপাটুলী ইউনিয়নের নেতা আনিসুর রহমান আরমান, আকরাম হোসাইন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সভাপতি ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন বিএনপি, মনির হোসেন ইউপি সদস্য ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন।