রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ রোববার নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

এদিকে, রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেয়া হয়েছে। মূলত গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়।

দলটির সূত্র বলছে, বেশিভাগই ‘মুষ্টিবদ্ধ হাত’-কে দলটির প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন। যেটি ২৪-এর গণঅভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রস্ফুটিত করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয়। এর চার মাস পেরিয়ে গেলেও এখনো দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সাথে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

তিনি বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরো বলেন, মূলত আমরা পাঁচ থেকে ছয়টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।