‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো রাজধানীর নভোথিয়েটারে আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, উদ্ভাবক ও বিজ্ঞানী এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান স্টল স্থাপন করে তাদের উদ্ভাবন ও কার্যক্রম প্রদর্শন করবে।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্পিলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। বাসস