রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে রহস্যজনক পরিত্যক্ত বস্তাকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্টেশন দুটির নিরাপত্তা নিশ্চিত করতে সিটিটিসি ও ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করেছে।

শনিবার (১ আগস্ট) মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা থাকার সন্দেহের খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এসব তথ্য জানান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা রাখা হয়েছে—এমন সন্দেহে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হয়। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্দেহভাজন বস্তু পরীক্ষা করতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন দুইটির আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

এদিকে দুপুর ২টার দিকে বাংলাদেশ পুলিশের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইন্সপেক্টর এডমিন সোহেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বোমা সদৃশ্য বস্তুগুলো শুধুমাত্র আতঙ্কের জন্য রাখা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।