বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার দৃষ্টিভঙ্গির কারণে এখনো আমাদের সমাজে একজন মা, একজন স্ত্রী তার ঘরে যথাযথ সম্মান পায় না।

আজ শনিবার (৮ মার্চ) সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের র‍্যালি পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক কথা বলেন, কিন্তু সমাজে যে অস্থিরতা, সমাজে যে নারী ধর্ষণ, নারী অপহরণ এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ যে নতুন স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে, তা বাস্তবায়ন হবে না।

সেলিমা রহমান বলেন, আমরা নারীরা পেশাজীবি, রাজনীতিসহ বিভিন্ন সেক্টরে এগিয়ে এসেছি। কিন্তু বাংলাদেশে এরপরেও নারী-পুরুষের বৈষম্য বেশি। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের সমাজে আছে। এ কারণে একজন মা, একজন স্ত্রী তার ঘরে সম্মান পায় না। মাগুরার ঘটনার দিকে তাকালেই আমরা সেটা দেখতে পাই।

‘আমরা ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম উল্লেখ করে তিনি বলেন, তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো, পুরস্কৃত করা হতো। কিন্তু ৫ আগস্ট বিপ্লবে, যেখানে তরুণ সমাজ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে এখনো কেন নারী ধর্ষিত হচ্ছে? বাসে ধর্ষণ হচ্ছে। একের পর এক ঘটনা ঘটে চলেছে।’

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, ছাত্র ভাইদের বলি, তোমরা দল করেছ, তোমাদের আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্যবিরোধী বলে যে কেউ গিয়ে বিভিন্ন জেলায় অফিস আদালতে গিয়ে বসে থাকছে, এখন তোমাদের উচিত কথা বলে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।