আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিব স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধন পেতে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তিতে তিনটি শর্তে নিবন্ধনের আবেদন করার কথা বলা হয়েছে। নিবন্ধন পেতে হলে এর মধ্যে কমপক্ষে একটি শর্ত পূরণ করতে হবে দলগুলোকে।
প্রথমত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল;
অথবা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র;
ওই দু’টি যোগ্যতা যে সব দলের থাকবে না, তারা দলের কেন্দ্রীয় কমিটিসহ, একটি সক্রিয় কেন্দ্রীয় দফতর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দফতর এবং অন্যূন এক শ’টি উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর দফতর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা ক্ষেত্রমত, থানায় অন্যূন দু’শ’ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল থাকতে হবে।
শর্ত পূরণের বিষয়গুলো যাচাই-বাছাই শেষে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন।
সূত্র : বিবিসি