বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘দেশের চলমান সঙ্কট উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই একমাত্র কার্যকর পথ। নতুন বাংলাদেশ গড়তে নৈতিকতা, জনসেবা ও মানুষের সাথে সম্পৃক্ততাকে ভিত্তি করে নেতৃত্ব তৈরি করতে হবে। তবেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে।’

শনিবার (১৭ মে) বিকেলে জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার হল রুমে মাসিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে চায়। আমরা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ঢেলে সাজাতে চাই যাতে রাষ্ট্রই সকল মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে পারে। সেখানে মানুষে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না।’

তিনি বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এ কাজ করেনি বরং তারা আত্মস্বার্থ, ব্যক্তিস্বার্থ, শ্রেণিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থরক্ষাসহ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছে। তাই জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে। সংগত কারণেই আমরা নানাভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। তাই যেকোনো জুলুম-নির্যাতনে ইসলামী আন্দোলনের কর্মীদের হতোদ্যম হলে চলবে না। সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে।’

জেলা আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী। এ সময় জেলা বায়তুলমাল সেক্রেটারি ড. আব্দুল হামিদ চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, আইন সম্পাদক জসিমুদ্দীন আজাদ, সহকারী অফিস সেক্রেটারি মোহাম্মদ এজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি