দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনো সেভাবে পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুলি কবির রিজভী।
তিনি বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও মানুষ প্রত্যাশা করেনি।
উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সারাদেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না।
স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন রিজভী। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেয়া হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে।’
রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কে কত সমাজ সেবা করেছে তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে।’