প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রোজার মাসজুড়ে দাম সহনীয় রাখার সবোর্চ্চ চেষ্টা করবে।
শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম-সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন।
শফিকুল আলম বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।
এ সময় এক গণমাধ্যমকর্মী বাজারে সয়াবিন তেল না পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তার প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।