সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উসকানি দিয়েছে ওই বাসারই সাবেক কেয়ারটেকার।

বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০ থেকে ২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করা হয়।

৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজন আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা নেয়ার প্রক্রিয়া চলছে।

আটকরা হলেন- জুয়েল খন্দকার (৪৮) ও তার ছেলে শাকিল খন্দকার (২৪), শাকিল আহমেদ (২৮)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ (২৮) একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতেন। তিনিই মূলত জনতাকে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- এমন তথ‍্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালালোর জন্য উসকানি দেন।

এর আগে গত পরশুদিন রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরো জানায়, এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে দিয়েছে যে- কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো অপরাধ সংঘটিত হলে নিকটবর্তী থানাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি