বাংলাদেশে কোরআনের আইন চালু ছাড়া বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।’
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর সবুজবাগ-মুগদা জোনে জামায়াতের দাওয়াতি গণসংযোগে তিনি এসব কথা বলেন।
বুলবুল বলেন, ‘বিগত ৫৪ বছর ধরে মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালনার ফলে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর হয়নি। বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্য বেড়েছে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় বসে যারা আইন তৈরি করে, তারা নিজেদের স্বার্থে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, অর্থপাচার ও দখলদারিত্বের পথ তৈরি করে। তাই যেসব মতবাদ মানুষের তৈরি, সেগুলো আদর্শ হিসেবে গ্রহণ করলে ঈমানের দাবি পূরণ হয় না।’
তিনি আরো বলেন, ‘আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকেই জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং রাসুল সা:-কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে। তবেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।’
জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে। যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই।’ ইসলামের ছায়াতলে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দ্বীনি দাওয়াতী গণসংযোগ কার্যক্রম পরিচালনাকালে সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১-২৫ এপ্রিল জামায়াতের কেন্দ্র ঘোষিত দ্বীনের দাওয়াতি গণসংযোগ কর্মসূচি পালিত হচ্ছে। বিজ্ঞপ্তি