জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ৪টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া অন্যান্য ধর্মের প্রতিনিধিরা তাদের ধর্মীয় বাণী পাঠ করেন।
দেখা গেছে, অনুষ্ঠানস্থান মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের দক্ষিণ দুটি সড়ক) জনতার ঢল নেমেছে। দুটি সড়কে মানুষের সমাগমে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জনসমুদ্র পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ এলাকা।
সরেজমিনে দেখা গেছে, নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগতদের মাথায় বাংলাদেশের লাল সবুজের পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে এসেছে। উপস্থিত বেশির ভাগ মুখ তরুণ। সেই সাথে তরুণীরা এসেছেন। বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে এসেছে মিছিল নিয়ে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন বলে জানা গেছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতা রাশেদ প্রধান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মীর আমির হোসেন আমু প্রমুখ যোগ দিয়েছেন।