বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ যখন বিপন্ন হয়েছে, তখনই জিয়ার পতাকা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়তেন গণতন্ত্র ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।’

আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভার উদ্বোধন ও সমাপনী পর্বে বক্তব্য রাখবেন তারেক রহমান।

রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশের সামনে বুক চেতিয়ে জীবন দিয়েছেন আমাদের নেতাকর্মীরা। তাদের কথা স্মরণ করে তিনি বলেন, তারা হয়তো আজ এই বর্ধিত সভায় থাকতো। কিন্তু তারা আজ নেই। আমরা এখনো অপেক্ষায় থাকি তারা হয়তো ফিরবে।

বিগত সময়ে বিএনপির ও দেশের বিশিষ্ট ব্যক্তি যারা মারা গেছেন, তাদের স্মরণ করে শোক প্রস্তাব করেন রিজভী।