ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ মাদরাসা মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি প্রার্থী আতাউর রহমান সরকার।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয় হবে, ইনশাআল্লাহ। এ দেশের শান্তিপ্রিয় মানুষ সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহভীরু জামায়াতের নেতৃত্ব গ্রহণ করবেন।’
তিনি আরো বলেন, ‘অতীতের সকল গ্লানি মুছে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এদেশের মানুষ পরিবর্তন চায়। এ পরিবর্তন হবে জামায়াতের হাত দিয়েই।’
এছাড়া রাশেদুল হক স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান ফারুকী, কসবা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমির শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম শাহিন, মাওলানা আব্দুল হালিম, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মজু মিয়া, আব্দুর রহমান মুন্সী, কবির আহমেদ ভুইয়া, রাজু আহমেদ, আব্দুল লতিফ ও ইদন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি