ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিএনপি নেতাকর্মীদের রাতভর অবস্থানের পর সকালেও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

এর আগে বুধবার দিন শেষেও রাতভর সেখানে অবস্থান করেন বিএনপি নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, কাকরাইল মোড় থেকে যমুনার দিকে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে শতাধিক নেতাকর্মীরা অবস্থান করছেন। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

ইশরাক সমর্থকরা জানায়, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৪ মে থেকে টানা আন্দোলন করছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে তারা নগরভবন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। সেখানে নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যক্রম সব বন্ধ রয়েছে।

অবস্থানরত বিক্ষোভকারীরা ‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’, ‘এক দফা এক দাবি, আসিফ-মাহফুজের পদত্যাগ’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে বিক্ষোভরত নেতাকর্মীরা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো ইশরাক হোসেনকে শপথ দিচ্ছে না। আমরা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।’