নয়া দিগন্ত অনলাইন

‘ভারত চায় এদেশকে অর্থনৈতিকভাবে শোষণ করতে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে দাস বানিয়ে রাখতে’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘যারা ভারতের এই ইচ্ছা বাস্তবায়ন করতে চায়, আমরা তাদেরকে সমর্থন করতে পারি না।‘

সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে ৩৫ নম্বর ওয়ার্ড (হাতিরঝিল পূর্ব থানা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

‘আমরা একটা মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই’ জানিয়ে সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমাদের দেশ আমরাই গড়ে তুলব। যেখানে মায়া-মমতা ও ভালোবাসা থাকবে।’

থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমীর সভাপতিত্বে ও সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।

এতে বক্তব্য দেন থানা কর্মপরিষদ সদস্য ড. আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম মুন্সী, হাবিবুর রহমান, আশিক ইকবাল, আনোয়ার হোসেন ও থানা শিবির সভাপতি ফজলুর রহমান প্রমূখ।

তিনি বলেন, ‘নতুনরাই বাংলাদেশ গড়বে। সংস্কার ছাড়া নির্বাচন হলে পুনরায় ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করবে। হাজার হাজার বিপ্লবী জনতা এ জন্য জীবন দেয়নি। ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের সংগ্রাম মানুষের মুক্তি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’