শিগগিরই ঢাকা বারের নির্বাচনের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের আমলে আদালত চলতো শেখ হাসিনার নির্দেশে। মামলার রায় আসতো গণভবন থেকে। আদালতগুলোতে আওয়ামী লীগপন্থীরা দখলদারি চালাতো। জুলাই গণঅভ্যুত্থানের পর এমন চলতে পারে না। এখানে সব দলের আইনজীবীর সমান অধিকার থাকবে। শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলোতে আর দখলদারিত্ব চলতে দেয়া হবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বারে এডহক কমিটি রয়েছে। সব দলের অংশগ্রহণে শিগগিরই ঢাকা বারের নির্বাচনের দাবি জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কিছু দিন হলো যাত্রা শুরু করেছে ইতোমধ্যে বিভিন্ন বারে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কমিটি দেয়া হচ্ছে। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, আইনজীবীদের সুরক্ষা ও জনগণের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে যাবে।’

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ এর সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ‘ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শিগগিরই দিতে হবে। এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোন সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।

ঢাকা বারের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আইন সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

বিজ্ঞপ্তি