বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনারা নিজেদের কখনো ছোটো মনে করবেন না, বহিরাগত মনে করবেন না।
আজ বুধবার ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের যেকোনো রাজনীতি করার বা না করার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারো দয়া নয়, এগুলো আপনার অধকিার, আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।’
মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেন, আমাদের হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।
তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে সমাজে যে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচষ্টো করা হচ্ছে তার উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেয়ার মানুষ না।’
হিন্দু সম্প্রদায়ের মানুষকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোঁটা দু’টি ফুল।’
ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দতার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, আসুন আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
সত্যজিৎ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লা মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দীর পাড়াস্থ মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।
সূত্র : বাসস