সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছী বাজারে সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছী বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী মো: ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু বক্কর উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের মরহুম মইর আলী আকন্দের বড় ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

নিহতের বড় ছেলে আব্দুল জলিল জানান, মাছ কেনার জন্য তার বাবা পাশের নিমগাছী বাজারে গিয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।