সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ বিনির্মাণ করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, ‘আরব জাহেলিয়াতের সমাজকে মহানবী সা: যেভাবে কোরআনের আলোকে পরিবর্তন করেছে একইভাবে আওয়ামী জাহেলিয়াতে অপশাসনের পর এখন কোরআনের আলোকে সমাজের পরিবর্তন করতে হবে।’
মঙ্গলবার (১৮ মার্চ) যাত্রাবাড়ী মধ্য থানা আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সবুর ফকির বলেন, ‘আজকে সমাজের এতো এতো অবক্ষয় কেন? কারণ নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষার অভাবেই ৮ বছরের শিশু ধর্ষণ হয়। ধর্ষণের পর হত্যা করার ঘটনাও ঘটছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের নৈতিকতার সংস্কারেরও উদ্যোগ নিতে হবে।’
তিনি বলেন, ‘যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, লুটপাট ও জনগণের টাকা বিদেশে পাচার করবে না। তারা জনগণের সম্পদের সঠিক ব্যবহার করে একটি সুখী-সমৃদ্ধ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে।’
জামায়াতে ইসলামী মানুষ তৈরির কারখানা উল্লেখ করে আব্দুস সবুর ফকির বলেন, ‘জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে নৈতিকতা সমৃদ্ধ উন্নত চরিত্রের মানুষ তৈরির কাজ করছে। যার কারণেই জামায়াতে ইসলামীর নেতারা রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করার পরও একজনের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ নাই। আগামীতেও জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে রাষ্ট্রের এক পয়সাও জামায়াত নেতাদের মাধ্যমে দুর্নীতি হবে না, বিদেশেও টাকা পাচার হবে না। তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের একবার সুযোগ দিয়ে পরীক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও মাতুয়াইল থানা আমির মিজানুর রহমান, যাত্রাবাড়ী পূর্ব জোন টিম সদস্য মো: মহসীন উদ্দিনসহ যাত্রাবাড়ী মধ্য থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।