বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ৬১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগী মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডিগুলোর সূত্র ধরে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে মোট ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে।
ইতোপূর্বেও বিগত ১ বছরের বেশি সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক প্রায় ৭৫০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।