নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৬ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের দোসররা যে জুলুম, দুঃশাসন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না।’

সোমবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না মানছে না। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। দেশের মানুষ সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সব সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই।’

খাজুরা ইসলামীয়া আলিম মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, ‘দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উলটো দেশে ঘুষ দুর্নীতি কমেনি বরং বেড়েছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। অন্তবর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।’

দুলু বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসরদের সব ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।’