মিরপুরে গাড়িচাপায় মো: শামীম নামে ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় কর্তব্যরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। সেনপাড়া ও পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কর্তব্যরত অবস্থায় শামীমকে একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।