কক্সবাজারের টেকনাফে প্রায় সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।