দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কিছু অসাধুচক্র সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি দেশী-বিদেশী পিস্তল, দু’টি রিভলভার, দু’টি এসএমজি, পাঁচটি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, তিনটি শর্টগান, তিনটি মর্টার শেল, আটটি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১,০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তথ্য দিতে বিজিবির টোল ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।