ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মকসুদা আক্তার প্রিয়া নামে এক মা একসাথে পরপর ছয়টি সন্তান জন্ম দিয়েছেন। ৬ সন্তানের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে পরপর ছয়টি সন্তান প্রসব করেন তিনি। ভোর ৫টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি।
তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা এক স্বজন জানান, মকসুদার স্বামী মোহাম্মদ হানিফ কাতার প্রবাসী। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। পরে প্রসব ব্যথা উঠলে সকাল ৯টার দিকে একে একে ছয়টি সন্তান প্রসব করেন তিনি। এর মধ্যে তিনটি ছেলে সন্তান ও তিনটি মেয়ে সন্তান।
তিনি আরো জানান, এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যালে রাখা হয়েছে ও বাকি তিনজনকে নীলক্ষেতের হোম কেয়ারে ভর্তি করা হয়েছে। তাদের ওজন কম হওয়াতে এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
মকসুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন।
ঢাকা মেডিক্যালের নবজাতক বিভাগের মেডিক্যাল অফিসার ডা: নিলুফার ইয়াসমিন জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহের চলছিল তার। বাচ্চাগুলো অপরিপক্ক ছিল। যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত।
তিনি বলেন, আমাদের এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় ৩ নবজাতককে রাখা সম্ভব হয়েছে। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরকেও এখানে নিয়ে আসা হবে। এর মধ্যে ২ নবজাতের অবস্থা আশঙ্কাজনক।