রাজধানীর মহাখালীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ভাটি বাংলা পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার রফিকুল ইসলাম মারা যান এবং দুই যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের নিচ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।