দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, গবেষণা ও মানোন্নয়নের লক্ষ্যে নবগঠিত ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী "ইকোকার্ডিওগ্রাফি ও কার্ডিওমায়োপ্যাথি" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাফিউদ্দিন কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষিত কমিটিতে অধ্যাপক আহসান হাবিবকে আহ্বায়ক, ডা. কামরুল হুদা মো. সোহেলকে প্রথম যুগ্ম আহ্বায়ক, ডা. লোহানী মো. তাজুল ইসলামকে সদস্য সচিব, ডা. জাফর ইকবাল জামালিকে প্রথম যুগ্ম সদস্য সচিব, ডা. আবু ফয়েজ মো. মতিউর রহমান আজাদকে দ্বিতীয় যুগ্ম সদস্য সচিব এবং ডা. হারুনুর রশিদ খান রাকিবকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত এই সংগঠন দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার গুণগত মান উন্নয়নে সোসাইটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।