‘ভাইভা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর দিতে না পেরে পরীক্ষায় নিশ্চিত ফেল করবে’ এই আশঙ্কায় দলবল নিয়ে পরীক্ষককে হুমকি দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক। চিকিৎসকরা বলেছেন, রোববার কমপক্ষে ২০ জন ডাক্তারকে নিয়ে তিনি পরীক্ষককে হুমকি দিয়েছেন।
জানা গেছে, তিনি শুধু দলবল নিয়ে হুমকি দিয়েই ক্ষান্ত হননি দলের ঊর্ধ্বতনদের দিয়ে ফোন করিয়েছেন পরীক্ষককে যেন তাকে পাস করিয়ে দেয়া হয়। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান অতিরিক্ত রেজিস্ট্রার ডা: মো: দেলোয়ার হোসেন টিটু। তিনি মেডিসিন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য রোববার ভাইভা দিতে গিয়েছিলেন।
জানা গেছে, মৌখিক জিজ্ঞাসায় ডা: দেলোয়ার হোসেন একটি প্রশ্নের উত্তরও দিতে পারেননি।
এ ব্যাপারে ডা: দেলোয়ার হোসেন টিটুকে একাধিকবার ফোন দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ভাইভা বোর্ডের আহ্বায়ক অধ্যাপক ডা: আব্দুল কাদেরকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। প্রোভিসি অধ্যাপক ডা: আবুল কালাম আজাদও ফোন ধরেননি। তবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক নয়া দিগন্তকে জানিয়েছেন, পাস করার জন্য ডা: দেলোয়ার হোসেন টিটু অনেক উচ্চ পর্যায় থেকেও ফোন করিয়েছেন। চিকিৎসকদের মধ্যে ডা: দেলোয়ার হোসেন সম্বন্ধে কিছু কথা প্রচলিত আছে যে- ‘তার মেধা এত কম যে- আগামী এক বছর এক নাগাড়ে পড়াশোনা করলেও তার পক্ষে স্নাতকোত্তর পরীক্ষা পাস করা সম্ভব নয়।’
জানা গেছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান পদটি ব্যবহার করে তিনি পাস করার জন্য সবকিছুই করছেন।
উল্লেখ্য, ফ্যামিলি মেডিসিনে তার উচ্চতর ডিগ্রি রয়েছে, এটা দেখিয়ে আওয়ামী সরকারের নিয়োগ দেয়া ভিসি অধ্যাপক দীন মুহাম্মদ নুরুল হকের কাছ থেকে জুলাই আন্দোলনের পর সহকারী অধ্যাপক পদ নিয়েছেন। কিন্তু পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে ফ্যামিলি মেডিসিনকে স্বীকৃতি দেয়া হয়নি। ফলে তার সহকারী অধ্যাপক পদের পদোন্নতিটিও বাতিল হয়ে যায়।